জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ক্ষমতা ছাড়ার পর একটিদিনও মুক্তভাবে রাজনীতি করতে পারিনি, আজও পারছি না। তবে আগামী নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হবো। আগামী জাতীয় নির্বাচনে জাপার ক্যাম্পেইনের পরিকল্পনা নিয়ে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মশালার গতকাল বুধবার সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। যারা প্রতিহিংসার রাজনীতি করে আমাকে জেলে দিয়েছে, আমার পার্টি ধ্বংস করতে চেয়েছে, আমরা তাদের কথা মনে রাখবো। দেশের মানুষও তাদের কথা মনে রাখবে। আগামী নির্বাচনে জয়ী হবার পর মুক্ত রাজনীতিবিদ হয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশে সুশাসন ফিরিয়ে আনবো, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করবো, সহমর্মিতা ও ভালোবাসার রাজনীতি উপহার দেব।
এরশাদ বলেন, আমরা সমর্থন না দিলে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না। কিন্তু তাদের কাছে আমরা সুবিচার পাইনি, আমরা সবার কাছেই প্রতারিত হয়েছি। কর্মশালার সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
ইত্তেফাক/আরকেজি