স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদকে জানিয়েছেন, ভাড়াটিয়াদের মতো গণপরিবহনের চালক, কন্ডাক্টর ও হেলপারদের তথ্য সংগ্রহ করা হবে। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সদস্য লুত্ফা তাহেরের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে কিছু এলাকার গণপরিবহনের চালক, সুপারভাইজার, কন্ডাক্টর ও হেলপারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জোরদারভাবে কার্যকর করার জন্য বলা হবে।
সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সংসদকে জানান, নিরাপদ সড়ক আন্দোলনকারীদের দাবি ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গুজব ও মিথ্যা বানোয়াট খবর প্রচারকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা অব্যাহত রয়েছে। এ ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী উসকানিমূলক গুজব ও মিথ্যা বানোয়াট খবর প্রচার করে যেন দেশকে অস্থির করতে না পারে, সেলক্ষ্যে পুলিশি পদক্ষেপ নেয়ার পাশাপাশি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে জনগণকে সচেতন করাসহ তাদের তথ্য সরবরাহে উত্সাহিত করা হচ্ছে।