নরসিংদীর মনোহরদীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছেন মফিজুল ইসলাম নামে এক যুবক। উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ, সরাইকান্দী গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্রমাগত হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় বুধবার স্কুলে যাওয়ার সময় সরাইকান্দী গ্রামের নীলু মাঝির কলাবাগান সংলগ্ন এলাকায় ওই ছাত্রীকে কুপিয়ে আহত করেন মফিজুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাশারফ হোসাইন জানান, ধারালো অস্ত্র দিয়ে স্কুলছাত্রীকে আঘাত করায় তার ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মাথাতেও আঘাত করা হয়েছে। তাছাড়া শরীরের অন্যান্য স্থানেও ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, অপরাধীকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মফিজুলকে ধরিয়ে দিতে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/এসজেএ/ইউবি