ব্রিটিশ আমল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ এপ্রিল। লালদীঘির ময়দানে গত ১১০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও অহঙ্কারের এ বলীখেলা। ঐতিহ্যবাহী এ খেলাটি সেদিন বিকেল ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই সবসময়ই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে আছে। জব্বারের বলীখেলা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় এবারো এর সঙ্গে থাকবে চ্যানেল আই।’ দিনদিন জব্বারের বলীখেলা দেখার দর্শকসংখ্যা বাড়ছে। যার তুলনায় লালদীঘি ময়দান বেশ ছোট। তাই বলীখেলার স্থানের আয়তন বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন শাইখ সিরাজ।