চরফ্যাশনে প্রবল ঝড়ের কবলে পড়ে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ সময় তিনটি ট্রলারে থাকা ২৩ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনার রাক্ষুসিয়া পয়েন্টে এবং হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া মাছ ঘটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ঢালচর মাছ ঘাটের আড়ত্দার ইস্রাফিল হাওলাদার জানান, গত কয়েকদিন ধরে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বুধবার রাতে ঢালচরের জেলেরা সাগরের মোহনায় ইলিশ শিকারে যান। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ঢালচরের বাশার মাঝির ও রবিউল আলম মাঝির দু’টি ট্রলার ডুবে যায়। এসময় বাশারের ট্রলারে ছয় জেলে এবং রবিউলের ট্রলারে সাত জেলে ছিলো।
খেজুর গাছিয়া ঘাটের মাঝি আব্দুল মালেক জানান, একই দিন সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া ঘাটের হারুন মাঝির মাছ ধরা ট্রলারটি সাগর থেকে মাছ নিয়ে আসার পথে ঝড়ের কবলে পড়ে খেজুর গাছিয়ার অদুরে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় হারুনের ট্রলারে ১০জন জেলে ছিলো। সংশ্লিষ্ট ঘাট সুত্রে জানাগেছে, ঘটনার পরই বিভিন্ন ট্রলারের সহযোগীতায় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করলেও ট্রলার এবং জাল উদ্ধার করা যায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি মো.মাছুম তালুকদার জানান, কোস্টগার্ড ও পুলিশ স্থানীয়দের সহায়তায় জেলেদের উদ্ধার করেছে। তবে ট্রলার ৩টি উদ্ধার করা যায়নি।
এদিকে, ট্রলার ডুবির খবরে আতঙ্কে ও উত্কণ্ঠায় রয়েছেন ট্রলার মালিক ও জেলে পরিবারের সদস্যরা।
ইত্তেফাক/এএম