নড়াইলে সড়ক দুর্ঘটনায় আকাশ শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-কালনা সড়কের সীমাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আকাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন।
নিহত আকাশ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই হৃদয় শেখ বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎ করে স্ট্রোক করার পর তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে আকাশ তার বড় ভাই হৃদয়কে হাসপাতালে দেখে কাজে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-কালনা সড়কের সীমাখালী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কালনাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ নিহত হন।
নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ