খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাচা নদীর বিরাট খেয়াঘাট দিয়ে কোমর পানি ভিজে নৌকা পার হয় প্রতিদিন হাজারো মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বটিয়াঘাটা উপজেলা পরিষদ, থানা এবং খুলনা শহরে যেতে এ পথ তারা ব্যবহার করে।
ভাটার সময় গৃহবধূ এবং ছাত্রীদের বিড়ম্বনার শেষ থাকে না। জন্মলগ্ন থেকে ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমীরপুর ইউনিয়নের মানুষ কাজিবাচা নদী পারাপারে প্রতিনিয়ত হিমসিম খায়। স্কুল কলেজের ছেলে মেয়েরা বটিয়াঘাটা কলেজ ও অন্যান্য স্কুলে আসতে প্রতিদিন এ পরিস্থিতি মোকাবেলা করে।
তাছাড়া সাপ্তাহিক হাটে আসতে কয়েক হাজার মানুষকে পানিতে ভিজে এবং কাদা ভেঙ্গে মালামাল নিয়ে খেয়ায় উঠতে হয়। শুধুমাত্র একটি পন্টুন ও সংলগ্ন ব্রিজের অভাবে এ সমস্যা যেন নিত্যদিনের হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, বিভিন্ন জটিলতার মধ্যে বিরাট খেয়াঘাটে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে পন্টুন ও ব্রিজ নির্মাণ প্রজেক্ট আটকে ছিল। চেষ্টার মাধ্যমে কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ সমস্যার সমাধান ঘটবে। একই সঙ্গে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ইউএনও’র অত্যাধুনিক বাংলো তৈরির কাজ উদ্বোধন হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ