পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন কিম

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের শীর্ষ নেতা কিম জং উন রাশিয়ায় গিয়ে শিগগিরই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে। কিমের এ সফরকে পিয়ংইয়ংয়ের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় বিদেশি সমর্থন জোগাড়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ং দ্বিতীয় শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর কিম-পুতিনের এ বৈঠক হতে যাচ্ছে। কিমের রাশিয়া সফর ‘শিগগিরই’ হতে যাচ্ছে জানালেও এর সুনির্দিষ্ট সময় ও স্থান জানায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) । সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও চলতি মাসের শেষ দিকে উত্তরের শীর্ষ নেতার রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে রবিবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতার প্রধান উপদেষ্টা কিম চ্যাং সনকে দেখা গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। বুধ ও বৃহস্পতিবার রাশিয়ার এ শহরটিতেই কিম-পুতিন বৈঠক হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। ভ্লাদিভস্তকের ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার পতাকা লাগানোসহ শ্রমিকদের বেশ কিছু কাজের ছবি পোস্ট করেছে উত্তর কোরিয়ার বিভিন্ন ঘটনাবলী অনুসরণ করা গণমাধ্যম এনকে নিউজ। কিম-পুতিন বৈঠকের একটি পর্ব এখানে হবে বলেও অনুমান পর্যবেক্ষকদের।

হ্যানয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়ার আরো বিকল্প আছে এবং বিশ্বনেতাদের কাছে তাদের চাহিদা যে ‘এখনো ফুরায়নি’ এটা প্রমাণ করতেই কিমের এবারের রাশিয়া সফর বলে মন্তব্য করেছেন ভ্লাদিভস্তকের ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক আর্তিওম লুকিন।