নড়াইলের কালিয়া থেকে অপহৃত হওয়ার দুইদিন পর মাদ্রাসার ছাত্র মো. মেহেদী হাসান আকাশকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে খুলনা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী বাচ্চু খাঁকে (৭৮) আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার ভোরে মাদ্রাসায় যাওয়ার পথে কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মো. মোর্তজা শেখের ছেলে আকাশ নিখোঁজ হয়। ওই ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় কালিয়া থানায় অপহরণকারীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে খুলনা জেলার নয়াবটি ক্রস রোডের ৩৩/২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে কালিয়া উপজেলার গাছ বাড়িয়া গ্রামের মৃত বারিক খাঁর ছেলে বাচ্চু খাঁকে আটক করে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমশের আলী জানান, অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মূল অপহরণকারীকেও আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/বিএএফ