সিংড়ায় শিক্ষার্থীদের শপথ করালেন পলক

সড়কে নিরাপত্তায় করণীয় এবং সচেতনতায় নাটোরের সিংড়া পৌর এলাকার হাজার হাজার শিক্ষার্থীকে শপথ করিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার দুপুরে গোল ই আফরোজ সরকারি অনার্স কলেজে তিনি উপস্থিত সবাইকে শপথ করান।
 
এর আগে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার নিরাপদ সড়ক আইন পাশ করে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। সড়কে নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা দুর্ঘটনা কমাতে সহায়ক। এজন্য নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলে যাবে। সড়কে নিরাপত্তায় দেশের নাগরিকদের দায়িত্ব রয়েছে। নিজ নিজ জায়গা থেকে সে দায়িত্ব পালন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের ন্যায্য দাবির প্রতি সকল সময় সমর্থন দিয়েছে, আগামীতে ও দিবেন।
IMG0
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নৌকায় আস্থা রাখতে হবে, সিদ্ধান্ত জনগণের উন্নয়ন চান না লুটপাট চান। সুশাসন চান না নৈরাজ্য, অরাজকতা চান। সিদ্ধান্তে ভুল করলে দেশ পিছিয়ে যাবে, সন্ত্রাস, জঙ্গিবাদে দেশ ভরে যাবে। শেখ হাসিনার সরকার জনগণের নিরাপত্তা দিয়েছে, শান্তি, উন্নয়ন দিয়েছে। তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জিএ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেদ, প্রভাষক ফাহমিদা আঁখি প্রমুখ।
 
এর আগে সড়ক নিরাপত্তায় আয়োজিত সমাবেশে সড়কে নিরাপত্তায় করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ