রাজৈরে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার কদমবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে। নিহত দুই শিশু উক্ত গ্রামের কামাল শেখের ছেলে রাকিব শেখ (৭) ও ধলু শেখের ছেলে ইয়াছিন শেখ (৭) তারা দুইজন সম্পর্কে  চাচাতো ভাই।
 
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া গ্রামের শিশু রাকিব ও ইয়াছিন বাড়ির মাঠে ফুটবল খেলতে যায়।এ সময় বলটি মাঠের পাশে খালের মধ্যে পড়ে যায়। পরে বলটি খালের মধ্যে থেকে উঠানোর চেষ্টাকালে প্রথমে ইয়াছিন ও পরে রাকিব খালের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়।
 
পরিবারের লোকজন অনেক খুঁজে বিকালে তাদের খালের মধ্যে থেকে উদ্ধার করে। উদ্ধারের পর তাদের দুজনকে রাজৈর উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসাক দুজনকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু