সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত যুক্তরাষ্ট্রের

 

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। এমনটাই মনে করছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে আইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে যোগসাজশ রয়েছে।

সন্দেহভাজন ওই ব্যক্তির জাতীয়তা, নৃতাত্ত্বিক পরিচয়সহ তার ব্যাপারে বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের প্রত্যাশা বিস্তারিত তথ্য পাওয়া গেলে সেটি হামলার ব্যাপারে আরো নতুন নতুন সূত্র উন্মোচন করবে।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, আইএস দ্বারা অনুপ্রাণিত গোষ্ঠীই শ্রীলঙ্কায় এই হামলা চালিয়েছে। দেশটি এখন খুঁজে বের করতে চাইছে যে, এই হামলার সঙ্গে আইএস কিভাবে যুক্ত হয়েছে। কিভাবে তারা এর পরিকল্পনা, অর্থায়ন, বোমা তৈরির সরঞ্জাম সরবরাহের মতো কাজগুলো সম্পাদন করেছে। লঙ্কান হামলাকারীদের সঙ্গে আইএস কোথায় বৈঠক করেছে। এ সংক্রান্ত প্রাথমিক পর্যালোচনার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, আমরা এখনো সম্ভাব্য যোগসূত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করছি।

এ দিকে, ২১ এপ্রিলের সিরিজ বিস্ফোরণের ঘটনায় ৪০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতরা সবাই দেশটির নাগরিক। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানান, হামলায় নিহতদের মধ্যে ৩৯ জন বিদেশিও রয়েছেন।