ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁগুলোতে প্লাস্টিক স্ট্র’র ব্যবহার বন্ধ হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেস্তোরাঁগুলোতে খুব শিগগিরই প্লাস্টিক স্ট্র সরবরাহ করা বন্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের গভর্নর স্বাক্ষরিত নতুন একটি আইনের আওতায় এটি করা হচ্ছে। তবে রেস্তোরাঁয় খেতে আসা ক্রেতারা স্ট্র’র জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তা পেতে পারে। 
 
গভর্নর জেরি ব্রাউন বলেন, তিনি আশা করছেন যে এ পদক্ষেপ স্ট্র’র জন্য অনুরোধ জানানোর আগে গ্রাহকদের এর বিকল্প নিয়ে ভাবতে অনুপ্রাণিত করবে। আগামী বছর থেকে আইনটি কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে এটিই এ ধরনের প্রথম পদক্ষেপ।
 
এক বিবৃতিতে ব্রাউন বলেন, ‘প্লাস্টিক স্ট্র চাওয়া একজন গ্রাহকের ক্ষেত্রে এটি খুবই সামান্য পদক্ষেপ।’
 
পরিবেশবাদী এ গভর্নর আরো বলেন, ‘তবে এটা নিয়ে আমাদের চিন্তা-ভাবনা স্পষ্ট যে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক সামগ্রীর উৎপাদন হ্রাস এবং এক পর্যায়ে একেবারে পরিহার করার উপায় আমরা অবশ্যই খুঁজে বের করবো।’ 
 
নতুন এ আইনের আওতায় বছরে সর্বোচ্চ ৩শ’ ডলার জরিমানা করার আগে দু’বারের বেশী সতর্ক করা হবে না।
 
ব্রাউন একজন পরিবেশ-বান্ধব গভর্নর হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তন যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সতর্ক করে বলেন, যেকোন ধরনের প্লাস্টিক পণ্য ‘আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকর।’ -বাসস ও এএফপি
 
ইত্তেফাক/ জেআর