নরসিংদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নরসিংদীর পৌর হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের কারিগর। সর্বজনের শ্রদ্ধার পাত্র। শিক্ষকদের দাবীগুলো ন্যায্য। আমি মনে করি পেটে ক্ষুধা রেখে সঠিকভাবে পাঠদান করা সম্ভব হয় না। বর্তমান সরকার শিক্ষকদের দাবীগুলো পূরণ করবে তবে তার জন্য কিছুটা সময় দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত, অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকরাও এর বাহিরে নয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সভাপতি আজিজুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা।
বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন আচার্যের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা মন্ত্রণালয়ের অডিট এন্ড ইনিসফেকশন কর্মকর্তা অধ্যাপক শহিদুল্লাহ বাহার, মাধবদী ড্রায়িং এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোশারফ হোসেন লিটন, দেবযানি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক বিনয় দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. কাউছার আলী শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূর শাখাওয়াৎ হোসেন ও বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্টা আতাউর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আলতাফ হোসেন নাজির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য দীনেশ চন্দ্র দাস, বাবু রঞ্জিত দেবনাথ, আনোয়ারা বেগম ও নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
ইত্তেফাক/জেডএইচ