ষড়যন্ত্রের ঐক্য কোন ফল দেবে না: মেনন

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি-জামায়াত। তিনি বলেন, ‘তারা থাকবেন শুধু স্বাক্ষী গোপাল মাত্র। ষড়যন্ত্রের এই ঐক্য কোন ফল দেবে না। আন্দোলন দূরে থাক, তারা একত্রে কোন কাজই করতে পারবেন না।’
 
আজ শনিবার রাজধানীর শাহজাহানপুরের ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
 
এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকবৃন্দ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
কামাল হোসেনের নেতৃত্বে নতুন ঐক্যে বিএনপি’র সংশ্লিষ্টতা বিষয়ে সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, কামাল হোসেনের মত জনবিচ্ছিন্ন ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি এখন জগাখিচুড়ি অবস্থায় দাঁড়িয়েছে। যেখানে বিএনপি গত নয় বছরে নয়টি আন্দোলনও করতে পারেনি সেখানে এই ঐক্য আন্দোলনের ডাক দিয়ে সরকার পতনের কথা বলছে। আন্দোলন তো দূরের কথা, এই ঐক্য আসলে তাদের মধ্যে কোন ঐক্যই আনতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়নের কাছে তাদের ষড়যন্ত্রের ঐক্য ধুয়ে বিলীন হয়ে যাবে।
 
১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসমাত জামিল লাভলুসহ স্থানীয় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই