স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার সালিশ মীমাংসা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার সালিশ মীমাংসা করায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার হরিনাহাটি গ্রামের মৃত: মোফাচ্ছের মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৮) তার বাড়ির পাশের প্রথম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সালাম মোল্লা পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আলম গাজী শুক্রবার রাতে সালিশ দরবারের মাধ্যমে সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করে এবং ছাত্রীর মাকে মামলা না করার জন্য হুমকি দেয়।পরে। ওই ছাত্রীর মা সালিশ মীমাংসায় অসন্তুষ্ট হয়ে শনিবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মামলা আকারে নিয়ে সালাম মোল্লা ও আলম গাজীকে গ্রেপ্তার করে।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত সালাম মোল্লা ও আলম গাজীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ