নরসিংদীর শিবপুর থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৭২ লক্ষ টাকা। শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা হতে এই ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটককৃত ইয়াবা সরবারহকারীরা হলেন- শিবপুর থানার আশ্রাফপুর (গীর্জাপাড়া) গ্রামের শাহজাহান শেখ এর ছেলে স্বপন শেখ (৩০) ও একই উপজেলার পূর্বপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫)। ইয়াবা চালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে জানান, নরসিংদীতে আসা মাদকের চালানগুলো আটক করতে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ বড় ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধরেই গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। ইবায়ার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের থানা পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টায় একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-১৮-৭৬৫৩) চালক ও সহযোগীকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, আশরাফপুর এলাকার ট্রাকের মালিক জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়ার কথামতো তারা এই ইয়াবার চালান নিয়ে আসে। ২৪ হাজার পিস ইয়াবা আটকের ঘটনায় স্বপন শেখ, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়াকে আসামি করে শিপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআই