যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর অন্যতম বিখ্যাত একটি রাস্তার নাম লোম্বারড স্ট্রিট। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক ভিড় করে। মূলত রাস্তার সর্পিল আকৃতি আর নান্দনিকতার কারণে সারা বিশ্ব থেকে এতো এতো মানুষ সেখানে ছুটে যায়। কিন্তু অতিরিক্ত এই জনপ্রিয়তার কারণে এখন গাড়ি নিয়ে এই রাস্তায় চলাচল করাটা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অভিনব এক কৌশল অবলম্বন করেছে কর্তৃপক্ষ। এই রাস্তায় গাড়ি চালাতে এই এপ্রিল মাস থেকেই চালু করা হয়েছে নতুন নিয়ম। লোম্বারড স্ট্রিটে গাড়ি নিয়ে প্রবেশ করলেই গুনতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা।
সান ফ্রান্সিসকোর জনপ্রিয় এই রাস্তাটি ক্রুকড স্ট্রিট নামেও পরিচিত। আঁকাবাকা রাস্তাজুড়ে রয়েছে বাহারি সব ফুল গাছ। রঙিন ফুল গাছের মধ্য দিয়েই যেন সাপের মতো এগিয়ে চলেছে রাস্তা। এ কারণেই এই রাস্তা সম্পর্কে পর্যটকদের এতো আগ্রহ। প্রতি বছর বিশ লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটে এই রাস্তায়। আজকাল এই রাস্তায় চলাচল করাটা এতোটাই কষ্টকর হয়ে পড়েছে যে রাস্তায় একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ি লাগোয়া হয়ে যানজটের মধ্যে বসে থাকতে হয়। এ কারণেই গাড়ি প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার্য করেছে কর্তৃপক্ষ। ছুটির দিন বাদে অন্যান্য দিনে গাড়ি প্রতি ৫ ডলার এবং ছুটির দিনগুলোতে গাড়ি প্রতি ১০ ডলার গুনতে হবে পর্যটকদের। এক্ষেত্রে পর্যটকদের আগে থেকেই জানিয়ে রাখতে হবে কবে নাগাদ তারা এই রাস্তা ব্যবহার করবেন। আগেভাগেই অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তবে পায়ে হাটা পর্যটকদের জন্য কোন টাকা দিতে হবে না। সান ফ্রান্সিসকো পর্যটন কর্তৃৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সুন্দর করতেই এই নিয়ম করা হয়েছে। এখন দেখার বিষয় নতুন নিয়ম করার পর সেখানকার পর্যটন খাতের বড় কোন পরিবর্তন আসে কিনা।-সিএনএন