খাগড়াছড়ির মহালছড়ির থানাঘাট সংলগ্ন চেঙ্গি নদীর উপর নির্মিত বেইলি ব্রীজ ভেঙ্গে নিখোঁজ মমিনুল ইসলাম নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে চেঙ্গি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ফকির জানান, স্থানীয় ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিখোঁজ মমিনুলের মৃতদেহ উদ্ধার করে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক মুবাছড়ির দিকে যাওয়ার সময় মহালছড়ি থানা ঘাট সংলগ্ন চেঙ্গি বেইলি ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় মমিনুল ইসলাম নামের এক শ্রমিক নিখোঁজ হন।
ইত্তেফাক/ইউবি