বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে গতকাল মঙ্গলবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। গত ২১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান উপাচার্য। পরদিন শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং গতকাল সাপ্তাহিক ও সরকারি ছুটি শেষে তারা ফের কর্মসূচি পালন শুরু করেন।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের নিচতলায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপি’র নাতি ও অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, উপাচার্য যতদিন না পদত্যাগ করছেন আমরা আন্দোলন থেকে সরে যাব না। দরকার হলে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। এসময় শিক্ষকদের মধ্যে সমিতির সহ-সভাপতি সরদার কায়সার আহমেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন প্রমুখ।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন জানান, উপাচার্য মাত্র ৫ ভাগ শিক্ষার্থী আন্দোলন করেছেন বলে দাবি করেছেন। আমরা গণস্বাক্ষর কর্মসূচি মাধ্যমে দেখিয়ে দিতে চাই সমগ্র শিক্ষার্থী এই                যৌক্তিক আন্দোলনের সাথে রয়েছেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়া এবং শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয়।