তানজানিয়ায় ফেরি ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২০৭

তানজানিয়ায় যাত্রীবাহী ফেরি ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে।  উত্তর তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে গত বৃহস্পতিবার এই ফেরি ডুবির ঘটনা ঘটে।  ফেরিতে চার শতাধিক যাত্রী ছিল বলে জানা যায়।
 
স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ডুবে যাওয়া মানুষের সংখ্যা ২০০’র বেশি হতে পারে।
 
এমভি নায়রিরি নামের ফেরিটি উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝামাঝি পৌঁছে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিটি ডকে ভেড়ানোর পর যাত্রীরা ফেরির একপাশে এসে দাঁড়ালে তা উল্টে যায়। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দেয়।
 
 রিজিওনাল হাইকমিশনার এডাম মালিমা বলেন, আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি হতাহতের সংখ্যা আর যেন না বাড়ে। উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে।
 
 এই অঞ্চলে ১৯৯৬ সালে একটি ফেরি ডুবে ৮ শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।-রয়টার্স।
 
ইত্তেফাক/এসআর