ডিজিটাল নিরাপত্তা আইনের অসামঞ্জস্য দূর করার আহ্বান

জাতীয় সংসদে পাস করা ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে যাতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র সংকুচিত করা না হয় সে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আইনের অসামঞ্জস্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির আলোচনায় অংশগ্রহণকারী গণমাধ্যমের প্রতিনিধিরা।
 
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- এটকোর সহ-সভাপতি মোজাম্মেল বাবু এবং বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। 
 
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, সংসদীয় স্থায়ী কমিটি আমাদের সঙ্গে প্রতিশ্রুত চূড়ান্ত বৈঠক না করেই, জাতীয় সংসদে তাদের সুপারিশ একতরফাভাবে উপস্থাপন করেছেন। ফলে এই সুপারিশে সাংবাদিক সমাজের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। আমাদের সুপারিশের কিছু কিছু বিষয় এই আইনে সংযোজন করা হলেও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হয়নি। তথ্য অধিকার আইন ও অফিসিয়াল সিক্রেট আইনের পাশাপাশি অবস্থান নিশ্চিত করে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুলিশকে অবাধে ক্ষমতা প্রয়োগের সুযোগ দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার পথ সুগম করা হয়েছে। অতীত অভিজ্ঞতা থেকে আমরা এই আইনের অপপ্রয়োগের বিষয়টি নিয়েও উত্কণ্ঠিত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা দ্রুত এই আইনের অসামঞ্জস্য সমূহ দূর করার অনুরোধ জানাই। গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাই। আমরা মনে করি, এই আইন কার্যকর করার ক্ষেত্রে বিধিমালা প্রণয়নের বেলায় আলোচনা করে উল্লিখিত সকল অসামঞ্জস্য দূর করে আইনটি সকলের কাছে গ্রহণযোগ্য করার সুযোগ রয়েছে।
 
ইত্তেফাক/এমআই