ফাইনালের পথে এগিয়ে থাকতে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রথম দফায় গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের মধ্যে লড়াইটা ছিল একেবারেই ম্যারম্যারে। সেই ম্যাচে পাকিস্তানকে হেসেখেলে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত। এবার ফাইনালের টিকিট কাটার আরও কাছে যেতে দু’দল মুখোমুখি হচ্ছে সুপার ফোরে। দু’দলই প্রথম ম্যাচ জিতেছে। তাই দ্বিতীয় ম্যাচ যে দলটি জিতবে তারা চলে যাবে ফাইনালের খুব কাছাকাছি। সেই সমীকরণ মাথায় রেখে রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় পরস্পরের মুখোমুখি হবে দু’দল। 
 
বিশ্ব ক্রিকেটের আর্কষণীয় লড়াই ভারত ও পাকিস্তান ম্যাচ সচরাচর দেখা যায় না। তবে চলমান এশিয়া কাপের ১৪তম আসরের সুবাদে দ্বিতীয়বারের মত ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। রাজনৈতিক বিরোধের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসির টুর্নামেন্ট ও এশিয়া কাপের কল্যাণে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ২০১২ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’বার, এশিয়া কাপ, বিশ্বকাপের এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় দু’দল।
 
এবারের এশিয়া কাপে একই গ্রুপে থাকায় ইতোমধ্যে ব্যাট-বলের লড়াইয়ে শামিল হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটি। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
 
‘এ’ গ্রুপের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২৯ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় ভারত। তবে দু’দলই গ্রুপপর্বে হংকং এর সঙ্গে জয় পাওয়ায় সুপার ফোর নিশ্চিত করে। 
 
সুপার ফোরে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটে হারায় ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের কর্ষ্টাজিত জয় পায় পাকিস্তান।
 
সুপার ফোরে শুভ সূচনা করায় বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারত ও পাকিস্তান। এমন অবস্থায় আবারো মুখোমুখি হবে তারা। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের পথে অনেকাংশে এগিয়ে যাবে। তাই পাকিস্তানের বিপক্ষে এবারও দল ভালো পারফরমেন্স করতে চায় বলে জানালেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তিনি বলেন, ‘গ্রুপপর্বে পাকিস্তানকে আমরা হারিয়েছি। এছাড়া এখন পর্যন্ত এবারের আসরে আমরা সেরা পারফরমেন্স করে চলেছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং পাকিস্তানের বিপক্ষে আবারো জিততে চাই।’
 
গ্রুপপর্বে হারলেও সুপার ফোরে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তিনি বলেন, ‘গ্রুপপর্বে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ম্যাচ হেরেছি। প্রথম ১০ ওভারের মধ্যে দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন। যা আমরা ওই ম্যাচে করতে পারেনি। তবে সুপার ফোরে সবকিছু নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমরা। তাই এই ম্যাচে দল ঘুরে দাড়াবে বলে আমার বিশ্বাস।’
 
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৩০বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয় ৫৩টি। পাকিস্তানের জয় ৭৩টিতে। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।
 
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, দীপক চাহার ও সিদ্বার্থ কাউল।
 
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদি।
 
ইত্তেফাক/কেআই