ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে সভাস্থলে বিশ হাজার নিক্সন সমর্থক যোগ দেন।
এর আগে পূর্ব নির্ধারিত শনিবার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান ও জনসভায় প্রধান অতিথি হিসেব নিক্সন চৌধুরীর উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার সকাল থেকে প্রচারণা চালানো হয়। কয়েকদিন আগে ফরিপুরের জেলা প্রশাসক নিকট হতে জনসভার অনুমতি নেয়া হয়। ওই গ্রামে নিক্সন চৌধুরীর জনসভা করার কথা শুনে একই দিন একই সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার তার বাড়ির উঠানে কর্মী সভার আয়োজন করে। নিক্সন চৌধুরীর সভাকে পণ্ড করার জন্য আইনশৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করায়। হঠাৎ এ নিষেধাজ্ঞার কথা শুনে ক্ষুব্ধ হন নিক্সন চৌধুরীর সমর্থকেরা।
শনিবার বিকেলে তারা পূর্ব নির্ধারিত জনসভাকে সফল করতে উপজেলা চত্বরে নিক্সন চৌধুরীকে স্বাগত জানাতে সমবেত হন। ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) জনসভা উপলক্ষে উপজেলায় এসে পৌছালে প্রায় বিশ হাজার নেতাকর্মী এমপিকে সঙ্গে নিয়ে হাজীডাঙ্গী জনসভা স্থলের দিকে পদযাত্রা শুরু করে এবং শান্তিপূর্নভাবে এমপিকে নিয়ে সভাস্থলে পৌঁছায়। সভাস্থলে মানুষের দাঁড়ানোর জায়গা না থাকায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিক্সন চৌধুরী।
IMG0
চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরভদ্রাসনের মাটি উন্নয়নের ঘাটি বলে আখ্যা দিয়ে এমপি চৌধুরী নিক্সন বলেন, ‘আমি তিন উপজেলার যেখানেই উন্নয়নমূলক কাজ করতে যাই সেখানেই কাজী জাফর উল্লাহর দালালেরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ফন্দি ফিকির করে।’
তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার নির্বাচনী এলাকায়(ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) উন্নয়নের জোয়ার বইছে। গত ৪৫ বছরে কাজী জাফর উল্লাহ যা করে নাই আমি নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে সাড়ে চার বছরে সেই উন্নয়ন করেছি। শেখ হাসিনার মতো আমারও হারানোর কিছু নাই। জনগণ আমাকে নির্বাচিত করে ভালোবাসা দিয়েছে, আমি আমার রক্ত দিয়ে হলেও তিন উপজেলার উন্নয়ন করে যাব।’
এ সময় তিনি চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কাজী জাফর উল্লাহর কথায় কোনো উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আমার সভা সমাবেশে অন্যায়ভাবে ১৪৪ ধারা জারি করলে জনগণকে সঙ্গে নিয়ে সেখানেই অবোরোধ করে তা প্রতিহত করা হবে।’
IMG1
এ সময় নিক্সন চৌধুরীর উন্নয়নের সঙ্গে একাত্বতা প্রকাশ করে হাজী ডাঙ্গী গ্রামের বাসিন্দা আলেপ মন্ডল, মো. ইব্রাহীম, বাবু মোল্যা ও জলিল মোল্যাসহ ৩০ নেতাকর্মী নিক্সন চৌধুরীর সঙ্গে যোগ দেন।
উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, জেলা পরিদষদের সদস্য মো. গোলাম রাব্বানী পান্নু, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মো. শাহজাহান মোল্লা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি