ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বীরপশ্চিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোন হলো- জান্নাতুল আক্তার মীম (৫) ও তৈয়বা সুলতানা মুন্নি (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন। রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আহ আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মো. রতন মিয়ার মেয়ে তৈয়বা সুলতানা মুন্নি (৭) ও মো. জালাল উদ্দিনের মেয়ে জান্নাতুল আক্তার মিম (৫) শনিবার দুপুরে একটি পুকুরের পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি