সীতাকুন্ড হাইস্কুল মাঠে আওয়ামী লীগের পথসভা বাতিল করা হয়েছে। আজ শনিবার বিকেলে সীতাকুন্ড স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের এই জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যোগ দেওয়ার কথা ছিল। পথসভার জন্য সব প্রস্তুতিও যথারীতি সম্পাদন করা হয়েছিলো বলে স্থানীয় সূত্র জনায়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ইত্তেফাককে বলেন, এই পথসভা বাতিল করা হয়েছে। প্রথমতঃ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে আসতে দেরি হয়ে যাওয়ায় রাতে এই পথসভা অনুষ্ঠান সম্ভব ছিলো না। দ্বিতীয়তঃ এই সভা আয়োজনের ক্ষেত্রে কিছুটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। সর্বোপরি দলের সাধারণ সম্পাদক রাতে যেনো এই ধরনের কোনো অনুষ্ঠান না করেন এ ব্যাপারে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে বলেও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইত্তেফাককে জানান।
এদিকে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, সীতাকুন্ড আসার আগে অন্য স্থানের কর্মসূচীর কারণে রাত হয়ে যাওয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সীতাকুন্ড স্কুল মাঠে পথসভা করেন নি। তিনি জানান, রাত হয়ে যাওয়ায় পথসভা না হওয়ার কারণ। এছাড়া আইনশৃঙ্খলাজনিত কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নি।
ইত্তেফাক/নূহু