জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর নরসিংদীর পলাশ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল খেলায় চরসিন্দুর ইউনিয়ন একাদশ ৪-২ গোলের ব্যবধানে জিনারদী ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য শান্ত বণিক, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ, ক্রীড়া সংস্থার সদস্য বিল্লাল হোসেনসহ সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
ইত্তেফাক/এএম