সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধান করা গেলে তারা সমাজের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।
রবিবার দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাক্রম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, এই সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। তিনি মায়ের মমতায় প্রতিবন্ধীদের বিশেষ করে নারী-বালিকা প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন। আমাদের দায়িত্ব হবে এই কাজে সবাই মিলে একত্রে এগিয়ে যাওয়া।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্যই সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রতিটি প্রতিবন্ধী সন্তানকে অবশ্যই সু-শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে বোঝা মনে করে অবহেলা করা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।
ইত্তেফাক/জেডএইচ