শ্রীনগরে মাছ ভেবে নিক্ষেপ করা টেঁটায় ছোটো ভাইয়ের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাছ ভেবে অষ্টম শ্রেণির ছাত্রের নিক্ষেপ করা টেঁটায় ছোট ভাই তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সে চিকিত্সারত অবস্থায় ঢাকা মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এর আগে দুপুরে উপজেলার দেউলভোগ গ্রামে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাইয়ের স্মৃতিচারণ করে বারবার মূর্ছা যায় বড় ভাই।

স্থানীয়রা জানায়, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র অরিয়ান (১৩) মাছ শিকারের জন্য গত সোমবার দুপুরে টেঁটা নিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই দেউলভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত (৮) দুষ্টুমি করে পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে এসে কচুরিপানা নাড়া দেয়। বড় ভাই আরিয়ান মাছ ভেবে উচ্ছ্বসিত হয়ে টেঁটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের বুকের বামপাশে বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যে আরাফাত টেঁটাসহ ভেসে উঠলে আরিয়ানের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। আরিয়ান ও আরাফাত উপজেলার দেউলভোগ গ্রামের আপতু মোড়লের সন্তান।

শ্রীনগর থানার অফিসার ওসি মো. ইউনুচ আলী জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। এটি অসতর্কতা বা ভুলবশত ঘটনা। এতে বড় ভাইয়ের গ্রেফতারের কোনো আশঙ্কা নেই।