ঝিনাইগাতীতে অপহরণ করে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণ করে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ধর্ষক উপজেলার গজারীকুড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে সাকিল (২২) ও আজিজুল হকের ছেলে ভ্যানচালক রহমত আলী (২০)।
 
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গজারীকুড়া গ্রামের বাসিন্দা ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২৩ সেপ্টেম্বর রবিবার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে ধর্ষক শাকিলের নেতৃত্বে ৫/৭ জন বখাটে যুবক ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। তারপর একটি অটোযোগে পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকো পার্কে নিয়ে যায়। সেখানে গভীর অরণ্যে অন্যদের সহায়তায় শাকিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে কৌশলে ওই স্কুলছাত্রী পালিয়ে এসে থানা পুলিশকে অবহিত করে। 
 
খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেলে অভিযান চালিয়ে ধর্ষক শাকিল ও ভ্যান চালক রহমত আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ধর্ষকসহ ৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ ও আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য আসামিরা গা ঢাকা দিয়ে রয়েছে। 
 
তদন্তকারী কর্মকর্তা এসআই খোকন চন্দ্র সরকার বলেন, অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু