রাজশাহীর ৩৫৭ জন শিক্ষার্থী জেলা পরিষদের বৃত্তি পেয়েছেন। সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
এ দিন জেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের এসব শিক্ষার্থীর মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, বর্তমান সরকার সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা ভাবে। বাদ পড়েনি মেধাবী শিক্ষার্থীরাও। জেলা পরিষদের মাধ্যমে সরকার এই টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব দিকে সমান দৃষ্টি রাখে বলেও নিজের বক্তব্যে উল্লেখ করেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবুল ফজল প্রামাণিক, মোফাজ্জল হোসেন, আবদুস সালাম, সংরক্ষিত নারী সদস্য কৃষ্ণা দেবী, শিউলী রানী সাহা ও জয়জয়ন্তী সরকার মালতি উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু