আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী অস্ত্রসহ গ্রেপ্তার

আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মুরাদ। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের গোবিন্দপুর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। রবিবার রাত ১টার দিকে একটি ওয়ান শুটারগানসহ মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।
 
আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল জানান, রবিবার রাত ১টার দিকে মুরাদ আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে নিয়ে শহরের পশুহাট সংলগ্ন পান বাজারের পাশে অবস্থান করছে জানতে পেরে আমরা অভিযান চালায়। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মুরাদকে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
 
থানার প্রধান কর্মকর্তা আবু জিহাদ খান জানান, মাদক ব্যবসায়ী মুরাদ অন্য মাদক ব্যবসায়ীদের সংগঠিত করছিল। মুরাদের নামে ৬টি মাদক মামলা, একটি চুরির মামলা ও একটি মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে। সে পুলিশের ওপর হামলার পরিকল্পনা করতে মাদক ব্যবসায়ীদের সংগঠিত করছিল। 
 
তিনি জানান, আজ মুরাদকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু