গাইবান্ধায় হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় হত্যা মামলায় সোমবার বিকালে রুহুল আমিন (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা।
 
দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
 
গাইবান্ধা জেলা ও দায়রা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম শফিক জানান, ওই উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মফিজল হকের ছেলে রিক্সা-ভ্যান চালক মিজানুর রহমানের (১৯) মৃতদেহ বিগত ২০১৬ সালের ১৮ মার্চ সকালে একই ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামীণ সড়কের ধারে বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
 
থানা পুলিশ তদন্ত করে হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিনকে শনাক্ত করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 
 
ইত্তেফাক/নূহু