দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে —খন্দকার মোশাররফ

দেশে অলিখিত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, আর বিএনপি বাকশাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণ সভায় তিনি একথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি শামসুজ্জামান দুদু, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।