পদ্মা সেতুর ১১তম স্প্যান বসেছে, দৃশ্যমান হলো ১৬৫০ মিটার

পদ্মা সেতুর ১১তম স্প্যান বসে গেছে। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের উপর ‘৬সি’ নম্বর স্প্যানটি গতকাল মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে বসানো হয়েছে। এতে সেতু দৃশ্যমান হলো ১৬৫০ মিটার। সকাল ৭টা থেকে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। স্প্যানটি বসে যাওয়ার পর এস আকৃতির সেতুটি বাঁক আরো বেশি দৃশ্যমান হয়েছে।

এর আগে সোমবার সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজটি স্প্যানটি ৩৩ ও ৩৪নং খুঁটির সামনে নিয়ে আসে। তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনবাহী জাহাজটি ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেয়। এ মাসে এই নিয়ে দু’টি স্প্যান বসল। এই প্রথম খুব অল্প সময় অর্থাত্ ১৩ দিনের ব্যবধানে দু’টি স্প্যান উঠল। ১০ নম্বর স্প্যানটি মাওয়া প্রান্তে গত ১০ এপ্রিল বসানো হয়। চলতি মাসেই ১২ নম্বর স্প্যানটিও বসানো হবে বলে জানা গেছে। তবে স্প্যানটি বসানো হবে অস্থায়ীভাবে। এই স্প্যানটি স্থায়ীভাবে বসবে ৩২ ও ৩৩ নম্বর খুঁটির ওপর। কিন্তু ৩২ নম্বর খুঁটিটি পুরোপুরি সম্পন্ন না হবার কারণে এটি ৩২ ও ৩৩ নম্বর খুঁটির কাছাকাছি কোনো খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হবে। কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় ১২ নম্বর স্প্যানটি অস্থায়ীভাবে খুঁটির ওপর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এদিকে মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৫৫টি পাইল সম্পন্ন হয়ে গেছে। বাকি ৩৯টি পাইল খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। সেতুর ৪২টি খুঁটির মধ্যে ২৩টি খুঁটি সম্পন্ন হয়ে গেছে। বাকি ১৯টি খুঁটির কাজও চলছে। পদ্মা সেতুর প্রকোশলী হুমায়ুন কবির এ তথ্য জানান।