একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাবেক এমপি মো. শহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নোটিসের পরিপ্রেক্ষিতে বিএনপির সাবেক এমপি মো. শহিদুজ্জামান গতকাল সকাল ১০টায় দুদকে হাজির হন। এরপর সাড়ে ১০টা থেকে বিকালে ৪টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক মেফতাউল জান্নাত তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, ঝিনাইদহ-৪ এর সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন গত ৩১ মার্চ তারিখ থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল দুদক থেকে তার কাছে তলবী নোটিস পাঠানো হয়। ওই নোটিসে ২৩ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়েছিল।