নীলফামারীর ডোমার উপজেলায় বৃষ্টি রানী (১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া চাকধাপাড়া এলাকার নিজ বাড়ি হতে পুলিশ লাশটি উদ্ধার করে। বৃষ্টি ওই এলাকার সচীন চন্দ্র রায়ের কন্যা ও ডোমার মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানা গেছে, গত রবিবার বিকালে সবার অজান্তে বৃষ্টি ঘরে রাখা কীটনাশক পান করে। কীটনাশকের যন্ত্রণায় ছটফট করায় পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ওই রাতে ও পরদিন সোমবার দুপুর পর্যন্ত তার চিকিৎসা করা হয়। সোমবার বিকালে তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
বৃষ্টির বাবা সচীন চন্দ্র রায় তার মেয়ের মানসিক সমস্যার কথা বললেও এলাকাবাসী অনেকে প্রেমঘটিত বিষয়ে এ আত্মহত্যা বলে ধারণা করছে।
ডোমার থানার প্রধান কর্মকর্তা মোঃ মোকছেদ আলী ও হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু