ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ শিউলী বেগম (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। অভিযানে মাদক ব্যবসায়ী শিউলী বেগমকে আটক করে দেহ তল্লাশি করে ২ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। রাতে তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হলে তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়।
 
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আরিফুল আমিন জানান, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছে শিউলি। তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ