অবশেষে নরসিংদীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ও সিলেট হতে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন। রেলওয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম. শফিক স্বাক্ষরিত পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও শিবপুরের সাংসদ মো. সিরাজুল ইসলাম মোল্লা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন সহ রেলের উর্ধ্বতন কর্মকর্তাগণ ২৭ সেপ্টেম্বরে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নরসিংদী রেলওয়ে স্টেশনে ৩টি ট্রেন যাত্রা বিরতির জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও শিবপুরের সাংসদ মো. সিরাজুল ইসলাম মোল্লার আন্তরিক প্রচেষ্টায় রেল মন্ত্রণালয় যাত্রাবিরতির এই সিদ্ধান্ত গ্রহণ করে। যাত্রাবিরতির মধ্য দিয়ে রেলযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে। জনস্বার্থে এমপি সিরাজুল ইসলাম মোল্লার এই কাজের জন্য সূধীমহল ও রেলযাত্রীরা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।
ইত্তেফাক/নূহু