মির্জাপুরে প্রতিবন্ধীদের জন্য তারার মেলা স্কুলের উদ্বোধন

আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই দক্ষিন নাজিরপাড়া গ্রামে সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত তারার মেলা নামে বিশেষ স্কুলের উদ্বোধন করা হয়েছে। দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।
 
তারার মেলা প্রতিবন্ধী স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজিব ও প্রতিষ্ঠাতা বাবুল আহমেদ জানান, সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের জন্যই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ নিয়ে এই প্রতিষ্ঠানে সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই লক্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজ আনুষ্ঠানিক ভাবে স্কুলটির উদ্বোধন করা হলো।
 
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়টিকে নানা সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
প্রধান অতিথি ও উদ্বোধক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, তৃণমুল প্রগতিশীল ন্যাপ এর চেয়ারম্যান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতী আবু হামিদুর রেজা খান ভাসানী পরশ, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মীর লুৎফর রহমান লাবু, জাতয়ি শ্রমিকলীগ গোড়াই শাখার সভাপতি খন্দকার খোরশেদ আলম খোকন, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ(পুর্ব)শাখার সভাপতি মো. আশরাফ খান, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু ও ইউপি সদস্য মো. আদিল খান প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু