জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণের আবেদন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির জন্য গ্রহণের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই আবেদনটি পেশ করা হয়। এ সময় আদালত বলেন, যেদিন আপিল অ্যাডমিশনের জন্য থাকে সেদিন এটা কার্যতালিকায় আসবে। খালেদা জিয়ার পক্ষে আবেদনটি পেশ করেন তার আইনজীবী জয়নুল আবেদীন ও কায়সার কামাল।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ৩০ এপ্রিল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। ২৪টি আইনগত যুক্তি তুলে ধরে রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে সাত বছর দণ্ড দেওয়া হয়। গত  বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে আছেন।