বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ শুরু হচ্ছে আজ

দুই দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ শুরু হচ্ছে আজ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য তৃতীয় সংলাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হবে। সংলাপে যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার সিমন ম্যাকডোনাল্ড। গতকাল মঙ্গলবার তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। 

সংলাপে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় ইস্যু, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে জোর দেওয়া হবে। অন্যদিকে দক্ষিণ এশিয়াতে শক্তিশালী রাজনৈতিক অংশীদারিত্ব চায় যুক্তরাজ্য। এছাড়াও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিমধ্যে বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে।