নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর সিয়াম (৮) নামের এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের পাশে একটি গভীর কূপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম কচুয়া পূর্বপাড়া  গ্রামের ছায়েদ আলীর ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিয়াম তার ফুফুর সঙ্গে পাশের বাড়ির এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সিয়াম নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর আজ সকালে কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের পাশে একটি গভীর কূপে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এসএম তুহিন আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে