বগুড়ায় ট্রাক খাদে পড়ে মা ও মেয়ে নিহত

বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার ফটকি সেতুর উপর আজ বুধবার দুপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাঙ্গেল বোঝাই ট্রাক খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। 
 
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের শাহপাড়ার আব্দুল কাইয়ুমের স্ত্রী জাহেদা বেগম (৪৫) এবং তার মেয়ে সামিনা খাতুন (১৬)। ওই দুর্ঘটনায় নিহত জাহেদার স্বামী, তার চার বছর বয়সী এক সন্তান এবং ট্রাক চালকও রয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার অ্যাঙ্গেলবোঝাই একটি ট্রাক ঠাকুরগাঁও যাচ্ছিল। ওই ট্রাকের কেবিন এবং অ্যাঙ্গেলের উপর যাত্রীরা ছিলেন। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মালবোঝাই ট্রাকটি উল্টে নিচে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং ট্রাক চালকসহ আরো তিনজন আহত হন। 
 
খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এবং শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের শাহপাড়া এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৬০) জানান, তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে ঢাকার সাভারে রিকশা চালান। স্ত্রী জাহেদা এবং মেয়ে সামিনা ও চার বছরের ছেলে আরমানকে নিয়ে স্থানীয় একটি বস্তিতে বসবাস করেন।তিনি পরিবারের সবাইকে নিয়ে একবারে বাড়ি ফিরতে চেয়েছিলেন। সেজন্য বুধবার সকালে তারা সাভারে ঠাকুরগাঁওগামী মালামাল বোঝাই ট্রাকে ওঠেন। ট্রাকটির চালক সোহাগ তার প্রতিবেশি হওয়ায় কোনো ভাড়া নিতে রাজি হননি। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছার পর সেটি উল্টে যায়। 
 
ইত্তেফাক/কেকে