কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আতিয়ার রহমানকে (৪৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার সকালে  কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিউর রহমান এ রায় প্রদান করেন।তবে রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল।
 
আদালত সূত্র জানায়, যৌতুকের দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী গ্রামের সোনা শেখের ছেলে আতিয়ার রহমান ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী শাহানারা খাতুনকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পর শাহানারা খাতুনের বড় ভাই মনিরুজ্জামান বাদী হয়ে আতিয়ারসহ চারজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 
 
আদালতে দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামি আতিয়ারের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক তাকে মৃত্যু দণ্ডাদেশ  ও অর্থ দণ্ডের এই রায় প্রদান করেন। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়। 
 
ইত্তেফাক/কেকে