পাবনার সাঁথিয়ার বহুল আলোচিত নাগডেমরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রী মুক্তিকে পুড়িয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী জাহিদ ডাক্তারকে ৩৭ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া সাকেল এএসপি আশিস বীন হাসানের নেতৃত্বে সাঁথিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রাজমান গ্রামের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে জাহিদ ডাক্তার (৫৫) ও তার ছেলে জীবনকে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ওই দিনই পাবনা জেল হাজতে পাঠানো হয়।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, জাহিদ ডাক্তার এডওয়ার্ড কলেজ ছাত্রী মুক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান পরিকল্পনাকারী। তাকে দীর্ঘ দিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে মুক্তি হত্যা মামলার এজাহার ভুক্ত ৩২ জন আসামির মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট উভয় গ্রুপের মধ্যে জলাশয় দখলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কলেজ ছাত্রী মুক্তিযোদ্ধা মোজামেল হকের মেয়ে মুক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়।
ইত্তেফাক/কেকে