পানি সরবরাহে দুর্নীতির অভিযোগ, ওয়াসায় দুদকের অভিযান

পানি সরবরাহে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওয়াসার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। কমিশনের হট লাইনে আসা অভিযোগের ভিত্তিতে বুধবার কমিশনের এনফোর্সমেন্টের একটি টিম ওয়াসার যাত্রাবাড়ি অফিসে অভিযান চালিয়েছে। দুদকের সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত এর নেতৃত্বে পুলিশসহ ৬ সদস্যের টিম এ অভিযানে অংশ নেয়।
 
দুদক সূত্র জানায়, সরেজমিন পরিদর্শনে দুদক টিম দেখে, পাম্প অপারেটরগণ ওয়াসা কর্তৃক নিযুক্ত হওয়ার বিধান থাকা সত্ত্বেও বহিরাগত লোকজন পাম্প পরিচালনা করছে এবং উৎকোচের বিনিময়ে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এছাড়াও ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, মিটাররিডারগণ ব্যবসায়ী, শিল্পকারখানার মালিক এবং অবৈধ সম্পদের অধিকারীদের কাছ থেকে অনৈতিক অর্থ গ্রহণ করে পানির বিল কম প্রদর্শন করছে, ফলে সরকার এ খাতে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। এ অনিয়ম বন্ধে উক্ত দপ্তরের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং রাজস্ব কর্মকর্তাকে কঠোরভাবে সতর্ক করে দুদক টিম।
 
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ওয়াসা জনগণের ট্যাক্সের টাকায় চলে। এখানে দুর্নীতি বন্ধে ওয়াসা কর্তৃপক্ষ প্রশাসনিক ব্যবস্থা না নিলে দুদক কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
 
ইত্তেফাক/এমআই