কামারখন্দে ভুয়া র‌্যাব গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দে আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের স্বল্প মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার সংগ্রাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডিপুর গ্রামের এরশাদ আলী মণ্ডলের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের স্বল্প মাহমুদপুর এলাকায় এক মাছ ব্যবসায়ী ও মুরগী ব্যবসায়ীকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে সাড়ে ১২ কেজি মুরগী ও ২৩ কেজি ইলিশ মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যায় আফজাল। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করলে পরে র‌্যাব-১২ এর সদস্যরা তাকে উদ্ধার করে কামারখন্দ থানায় হস্তান্তর করে।
 
এ বিষয়ে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যানার্জী জানান, আফজালকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে ব্যাব। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ