বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদী ও নুনেরটেক, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাইবিল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মোট পাঁচজন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট:
 
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে বারদী ইউনিয়নের ফুলদী গ্রামের রহিমা বেগম নামের গৃহবধূ ও নুনেরটেক এলাকায় ফুলচান নামের এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
 
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান,  মঙ্গলবার বিকালে মুষল ধারে বৃষ্টি হওয়ার সময় পর পর কয়েকবার বজ পাত আছড়ে পড়ে। এসময় বারদী ইউনিয়নের ফুলদী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রহিমা বেগম বাড়ির উঠান থেকে কাপড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। এছাড়াও নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুনেরটেক গ্রামের সদু মিয়ার ছেলে ফুল চান নামের এক জেলে নিহত হন। ফুলচানের আগামী ২ অক্টোবর বিবাহর দিন ধার্য করা হয়েছিল।
 
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার রাতে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার পূনসহি দক্ষিণ পাড়ার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪) ও আব্দুল হান্নান শেখের ছেলে মোঃ মামুন শেখ (৩০)।
 
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে কালীগঞ্জের পূনসহি দক্ষিণ পাড়া এলাকার প্রতিবেশী চাচা-ভাতিজা তাজুল ইসলাম ও মামুন শেখ বাড়ির পাশে বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা একটি গাছতলায় নৌকায় বসে আলো জ্বালিয়ে টেটা দিয়ে মাছ শিকার করছিলেন। রাত আড়াইটার দিকে বজ সহ বৃষ্টিপাত শুরু হয়। মাছ ধরার এক পর্যায়ে তাদের নৌকার উপর বজ পাত হলে নৌকা থেকে তারা দুইজন পানিতে পড়ে যান। পাশের অন্য নৌকার মত্স্য শিকারীরা ঘটনা দেখতে পেয়ে সংবাদ দিলে নিহতের স্বজনরা গিয়ে বিলের পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।
 
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার বিকালে বজ্রপাতে নিলুফা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিলুফা বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী। খবর পেয়ে নিহতের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  নিহতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয়রা জানায়, গতকাল বিকালে নিলুফা বেগম বাড়ির পাশে কাজ করছিলেন। আকাশে বিদ্যুত্ চমকালে তিনি তার বাড়ির কাছে একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এমন সময় হঠাত্ গাছটির উপর বজ্রপাত হলে গাছের নিচে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৩ সন্তানের জননী গৃহবধূ নিলুফা বেগম। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
 
ইত্তেফাক/আরকেজি