গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে কমিটির সভা অনুষ্ঠিত

গণপরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নগর ভবনস্থ মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের মধ্যে নগরবাসীকে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেওয়া হবে বলে সভাপতির বক্তব্যে উল্লেখ করেন সাঈদ মেয়র খোকন। 
 
এসময় সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল করিম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. সাদেকুর  রহমান, ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রকিকুর রহমান প্রমুখ।
 
সাঈদ খোকন বলেন, আমাদের এ কমিটির প্রধান কাজ হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যে রুট রেশনাইলাইজ করে শহরের বাসগুলো নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলাচলের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে তার নির্দেশনা অনুযায়ী এ কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
 
তিনি আরো বলেন, যানজটমুক্ত সড়ক উপহার দেওয়ার পাশাপাশি বায়ু দূষণ রোধে কিভাবে পরিবেশ সম্মত বাস পরিচালনা করা যায়, তা নিয়েও কাজ করবে এ কমিটি।
 
এসময় রাজধানীবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ওপর আস্থা রাখুন।
 
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষের মতামত দেওয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়ে সাঈদ খোকন বলেন, আমাদের বিশেষজ্ঞরা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও সম্মানিত নাগরিকরা রয়েছেন এমনকি শিক্ষার্থীরাও যদি কোনো পরামর্শ দিয়ে থাকেন সেগুলো বিশদভাবে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।
 
প্রয়াত মেয়র আনিসুল হক এ কাজের যতোটুক অগ্রগামী করে গেছেন সেখানে থেকে যদি কোথাও কোনো সংযোজন-বিয়োজন প্রয়োজন হয় সেটা করেই এগিয়ে যাবে এ কমিটি। আগামী দুই বছরের মধ্যে এ কমিটি একটি নিরাপদ সড়ক উপহার দিতে পারবে বলে মনে করেন মেয়র। উন্নত দেশের শহরগুলোর মতো রাজধানীতেও প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে পরিবহনে শৃঙ্খলা ও সড়কে নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যের কথাও জানান মেয়র।
 
ইত্তেফাক/জেডএইচ